October 9, 2026, 3:03 pm
শিরোনাম:
বিজয়নগরে আসামি সহ পুলিশের গাড়ি খাদে , গুরুতর আহত ৫ সিরাজগঞ্জে জেলি পুশ করা সাড়ে ৪ লাখ টাকার চিংড়ি জব্দ প্রতিটি পূজার্চনায় ব্রাহ্মণদের যথাযোগ্য মর্যাদা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে: বক্তারা জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আশুগঞ্জে গাঁজাসহ ট্রাক জব্দ, ৩ মাদক কারবারি গ্রেপ্তার যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশীদের আকস্মিক মৃত্যু বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার। কাভার্ড ভ্যান জব্দ

প্রতিটি পূজার্চনায় ব্রাহ্মণদের যথাযোগ্য মর্যাদা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে: বক্তারা

রিপোর্টারের নাম

প্রতিটি পূজার্চনায় ব্রাহ্মণদের যথাযোগ্য মর্যাদা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে: বক্তারা

তাপস চন্দ্র সরকার।। বিশ্বশান্তি ও কল্যাণ কামনা এবং দেশমাতৃকার সেবার প্রত্যয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় দুর্গাপূজা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা প্রতিটি পূজার্চনায় ব্রাহ্মণদের যথাযোগ্য মর্যাদা, সম্মান, প্রাপ্য দক্ষিণা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান সুষ্ঠু ও শাস্ত্রসম্মতভাবে সম্পন্ন করতে ব্রাহ্মণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তাঁদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করা সবার নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) কুমিল্লার কাত্যায়নী কালী বাড়ির দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কুমিল্লা জেলা শাখার আয়োজনে এবং বাংলাদেশ ব্রাহ্মণ যুব কিশোর সংসদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কুমিল্লা জেলা শাখার সভাপতি শ্রী চঞ্চল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব বিপ্র শিরোমণি শ্রী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক পণ্ডিত সঞ্জয় চক্রবর্তী, ঢাকা মহানগর শাখার সভাপতি অধ্যাপক প্রদ্যুত ভট্টাচার্য্য পলাশ, বাংলাদেশ ব্রাহ্মণ যুব কিশোর সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট নবেন্দু ভট্টাচার্য্য, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. কাকন চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক কমল চন্দ খোকন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ট্রাস্টি নির্মল পাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার। এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সিনিয়র সহসভাপতি অচিন্ত্য দাশ টিটু, সাধারণ সম্পাদক পিংকু চন্দসহ বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বৃহত্তর কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য, অধ্যাপক শ্রী অমর ভট্টাচার্য্য ও পণ্ডিত শ্রী বাসুদেব চক্রবর্তী।
অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উপবিষ্ট অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ ব্রাহ্মণ যুব কিশোর সংসদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। পরে সমবেত কণ্ঠে বেদপাঠ, চণ্ডীপাঠ ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় অতিথিরা যৌথভাবে ‘ত্রিনয়নী তত্ত্ব’ বইটির মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী চন্দন চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পণ্ডিত বাসুদেব চক্রবর্তী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পরমানন্দ গোস্বামী। কর্মশালায় বৃহত্তর কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা ও জেলা শাখার ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে বিপ্র শিরোমণি শ্রী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য ব্রাহ্মণ সম্প্রদায়ের সময়োপযোগী দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সনাতন ধর্মের আচার-অনুষ্ঠান, শাস্ত্রচর্চা, ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক ঐতিহ্য সংরক্ষণে ব্রাহ্মণ সম্প্রদায় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে বর্তমান সময়ে শুধু ঐতিহ্য ও বংশপরিচয়ের ওপর নির্ভর করে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যোগ্যতা, জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটানো জরুরি।
তিনি আরও বলেন, সমাজে প্রকৃত সম্মান ও গ্রহণযোগ্যতা অর্জন করতে হলে ঐতিহ্যের পাশাপাশি যোগ্যতা, কর্মদক্ষতা ও ইতিবাচক অবদানের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে হবে। ধর্মীয় জ্ঞান ও শাস্ত্রচর্চার পাশাপাশি আধুনিক শিক্ষা, প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ এবং আর্থিক স্বনির্ভরতার দিকে মনোযোগ দিতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সময়োপযোগী শিক্ষা ও পেশাগত দক্ষতায় গড়ে তোলার পাশাপাশি সমাজসেবা, নৈতিকতা, মানবিকতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগী হতে হবে।
বক্তব্যে তিনি সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমমর্যাদার সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, সম্প্রদায়গত পরিচয়ের পাশাপাশি জ্ঞান, কর্ম, সততা, যোগ্যতা ও সমাজের প্রতি ইতিবাচক অবদানই মানুষের গ্রহণযোগ্যতাকে শক্তিশালী করে। দক্ষতা ও আত্মনির্ভরতার অভাবে সময়ের সঙ্গে এগিয়ে যেতে না পারলে সামাজিক ও পেশাগত ক্ষেত্রে পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে।
এ জন্য আত্মসমালোচনা, ঐক্য, পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি তরুণদের দক্ষ করে তোলা, শিক্ষার সুযোগ বাড়ানো, কর্মসংস্থানের পথ তৈরি করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলার ওপর জোর দেন। তাঁর বক্তব্যে ঐতিহ্যকে ধারণ করে শিক্ষা, দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে একটি শিক্ষিত, আত্মনির্ভরশীল, ঐক্যবদ্ধ ও মর্যাদাপূর্ণ ব্রাহ্মণ সমাজ গঠনের আহ্বান উঠে আসে।
কর্মশালায় অন্যান্য বক্তারাও বলেন, ব্রাহ্মণদের সম্মান রক্ষা করা মানে ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরম্পরার মর্যাদা অক্ষুণ্ণ রাখা। কোনো পূজার্চনায় যেন তাঁরা অবহেলা, অসম্মান কিংবা বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। প্রতিটি ধর্মীয় আয়োজনে ব্রাহ্মণদের প্রাপ্য দক্ষিণা, সম্মান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও দায়িত্ববোধ বজায় রাখতে হবে।
বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ প্রতিটি ধর্মীয় আয়োজনে ব্রাহ্মণদের যথাযথ মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট ব্যক্তি, পূজা উদযাপন কমিটি এবং সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST