সিরাজগঞ্জে জেলি পুশ করা সাড়ে ৪ লাখ টাকার চিংড়ি জব্দ
জাহিদুল হক সিরাজগঞ্জ ।
চিংড়ির ওজন কৃত্রিমভাবে বাড়িয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মাছের ভেতরে জেলি পুশ করার অভিযোগে সিরাজগঞ্জে প্রায় ৪৫০ কেজি চিংড়ি জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। জব্দ করা এসব চিংড়ির বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। পরে চিংড়িগুলো ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে জেলা মৎস্য অধিদপ্তর ও রায়গঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে কুতুবের চর মৎস্য আড়ত থেকে এসব চিংড়ি জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অধিক মুনাফার আশায় চিংড়ির ভেতরে জেলি প্রবেশ করিয়ে কৃত্রিমভাবে ওজন বাড়ানো হয়েছিল। এতে প্রকৃত ওজনের তুলনায় বেশি দাম দিয়ে চিংড়ি কিনে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে ক্রেতাদের। একই সঙ্গে এ ধরনের চিংড়ির গুণগত মান ও খাদ্যনিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জব্দ করা চিংড়ি বাজারে বিক্রি হলে ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারতেন। এ কারণে সেগুলো বিক্রির অনুপযোগী করে ধ্বংস ও মাটিচাপা দেওয়া হয়।
ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মাছের বাজারে এ ধরনের অনিয়ম প্রতিরোধে মৎস্য অধিদপ্তরের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।