সিরাজগঞ্জ রেলওয়ে কলোনি ও ইয়ার্ডে মাদকবিরোধী মাইকিং ও কঠোর হুঁশিয়ারি
মোঃ রুবেল সরকার.
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন ও রেলওয়ে কলোনি-ইয়ার্ড এলাকায় প্রকাশ্যে ও গোপনে মাদক বিক্রি ও সেবন প্রতিরোধে বিশেষ প্রচারণা চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, সিরাজগঞ্জ বাজার সাব-সার্কেলের উদ্যোগে রেলওয়ে কলোনি ও ইয়ার্ড এলাকায় মাইকিং করে এ প্রচারণা চালানো হয়।
মাইকিংয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। রেলওয়ের নিরাপত্তা এলাকায় কেউ মাদক সেবন বা বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
এ সময় বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, বাজার স্টেশন সাব-সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ওবায়দুর রহমানসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মাদকবিরোধী এ প্রচারণায় সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড রেলওয়ে কলোনির স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। তাদের মধ্যে সাবেক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. আব্দুল আউয়াল, ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রনি সহ এলাকার আশিকুর রহমান আশিক, মো. হাফিজুল ইসলাম ও মো. আবিরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রেলওয়ে কলোনি ও ইয়ার্ড এলাকায় মাদক বিক্রি, সেবন ও সংশ্লিষ্ট কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।