ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া:
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং শিল্পকারখানায় ব্যবহৃত লবণ দিয়ে মুড়ি তৈরির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীতে অবস্থিত মেসার্স ভাই ভাই ফুড ইন্ডাস্ট্রিজ, মেসার্স বাবুল চিড়া-মুড়ি ইন্ডাস্ট্রিজ এবং মেসার্স আমানত ফুড ইন্ডাস্ট্রিজে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, প্রতিষ্ঠানগুলোতে মুড়ি উৎপাদনে শিল্পকারখানায় ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল গ্রেড লবণ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণও পাওয়া যায়, যা নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিধান পরিপন্থী।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রসিকিউশন পরিচালনা করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756