সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি জেলা ইউনিট।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুর্গম ফারুয়া ইউনিয়নে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা বিএনপির সভাপতি ও রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ডা. কর্নেল আলমগীর, রাঙ্গামাটি জেলা ইউনিটের সদস্য সচিব সাইফুল ইসলাম শাকিল, সহ-সভাপতি এস এম শফিউল আজমসহ সংশ্লিষ্টরা।
ত্রাণ বিতরণকালে দীপন তালুকদার দীপু বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। দুর্গম ফারুয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে রেড ক্রিসেন্টের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।
দুর্গম ফারুয়া ইউনিয়নের দুর্যোগকবলিত মানুষের কাছে সরাসরি ত্রাণ পৌঁছে দেওয়ায় রেড ক্রিসেন্টের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।