আশুগঞ্জে ধর্ষণের পর ৬ বছরের শিশুর মৃত্যু, কিশোর আটক
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধর্ষণের অভিযোগের পর গুরুতর আহত ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জাহিদুল (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিরদিল বাজারসংলগ্ন হাজী কুদ্দুস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, দুপুর ১২টার দিকে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর ২টা ৩০ মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে তালশহর এলাকা থেকে জাহিদুলকে আটক করা হয় বলে জানিয়েছেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল আলম চৌধুরী।
আশুগঞ্জ সার্কেলের জাহাঙ্গীর আলম জানান, শিশুটির মরদেহ বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আটক কিশোর পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এদিকে, স্থানীয় এলাকাবাসী ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।