ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন বিভক্তির প্রতিবাদে রেল-সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের ট্রেন চলাচল
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠনের প্রতিবাদে রেল ও সড়কপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে আখাউড়া-সুলতানপুর সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ।
রোববার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে সদর উপজেলার কোড্ডা কেবিনসংলগ্ন এলাকায় এ অবরোধ কর্মসূচি শুরু করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে সম্প্রতি ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়েছে। নতুন ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা।
আন্দোলনকারীদের দাবি, বাসুদেব ইউনিয়নকে বিভক্ত না করে আগের মতো অখণ্ড রাখতে হবে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগও বন্ধ করতে হবে।
অবরোধ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে তাঁদের দাবির বিষয়ে বিশ্বাসযোগ্য আশ্বাস না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি অব্যাহত থাকবে।
আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম জালাল উদ্দিন জানান, সকাল ৬টা থেকে সড়ক ও রেলপথ পাশাপাশি হওয়ায় অবরোধকারীরা উভয় পথ বন্ধ করে দিয়েছেন। এ সময় তাঁরা টায়ারে আগুন জ্বালালেও কোনো যানবাহনের ক্ষতি করেননি।
এদিকে রেলপথ অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সড়কপথেও যানবাহন চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছেন যাত্রীরা। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
অবরোধকারীরা জানান, তাঁরা আগের বাসুদেব ইউনিয়নের সঙ্গেই থাকতে চান। নতুন বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত হতে চান না। সরকারের পক্ষ থেকে তাঁদের দাবির বিষয়ে বিশ্বাসযোগ্য আশ্বাস দেওয়া হলে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবেন তাঁরা।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756