November 19, 2026, 8:21 pm
শিরোনাম:
কয়ড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল আলিম চান দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত মডেল ইউনিয়ন গড়তে কুমিল্লার ‘গৌরাঙ্গ কুঠিরে’ দামোদর ব্রত উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান।। ভক্তদের মিলনমেলা পাবনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাশ ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল বাঙ্গালা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রফেসর সুলতান মাহমুদ শামসের মনোনয়ন ফরম সংগ্রহ বরখাস্তের পরও দায়িত্ব ছাড়ছেন না চেয়ারম্যান, প্রশাসনিক পদক্ষেপের দাবি রূপগঞ্জে রাতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন, নেতৃত্বে আরিফ বিল্লাহ আলিফ পাবনার সেরা ওসি হলেন ফরিদপুর উপজেলার ওসি মনজুরুল হাসান মাসুদ জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসুদ

বরখাস্তের পরও দায়িত্ব ছাড়ছেন না চেয়ারম্যান, প্রশাসনিক পদক্ষেপের দাবি

রিপোর্টারের নাম

বরখাস্তের পরও দায়িত্ব ছাড়ছেন না চেয়ারম্যান, প্রশাসনিক পদক্ষেপের দাবি

মোঃ মাহবুব আলম, কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মো. আব্দুল মন্নাফের দায়িত্ব হস্তান্তর না করার অভিযোগ উঠেছে।
সরকারি আদেশের পরও দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ দাবিতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদমপুর বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের সরকারি আদেশ যথাযথভাবে কার্যকর করা, ইউনিয়ন পরিষদের নথিপত্র, সরকারি সম্পদ, আর্থিক হিসাব ও দাপ্তরিক দায়িত্ব বিধি অনুযায়ী হস্তান্তর নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় বাসিন্দা মো. সেলিম মিয়া। তিনি বলেন, গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নাফকে সাময়িক বরখাস্ত করা হয়। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছয়টি গাছ কাটার অভিযোগে আইন অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি আদেশ জারির পরও দায়িত্ব হস্তান্তর না হওয়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিষদের যাবতীয় নথিপত্র, সরকারি সম্পদ, আর্থিক হিসাব ও জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা জরুরি।

সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—চেয়ারম্যান আব্দুল মন্নাফের সাময়িক বরখাস্তের সরকারি আদেশ যথাযথভাবে কার্যকর করে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করা; ইউনিয়ন পরিষদের নথিপত্র, সরকারি সম্পদ, আর্থিক হিসাব ও দাপ্তরিক দায়িত্ব বিধি অনুযায়ী সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে হস্তান্তর করা; দায়িত্ব হস্তান্তরে গড়িমসি, বাধা কিংবা সরকারি আদেশ অমান্য করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা; ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া এবং ছয়টি গাছ কর্তনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে গাছগুলোর মূল্য, বর্তমান অবস্থান ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ বা ব্যক্তিগত প্রতিহিংসা থেকে তাঁরা এ সংবাদ সম্মেলন করছেন না। তাঁদের বক্তব্য সরকারি আদেশের বাস্তবায়ন, আইনের শাসন, প্রশাসনিক স্বচ্ছতা ও জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত। এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।

এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. শাহ আলম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস তাঁকে দায়িত্ব হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। তিনি ইউএনওর নির্দেশনা অনুযায়ী দায়িত্ব হস্তান্তরের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে চেয়ারম্যান আব্দুল মন্নাফ দায়িত্ব হস্তান্তর করতে রাজি হচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, দায়িত্ব হস্তান্তরের জন্য ইউনিয়ন পরিষদের সচিবকে তাঁর মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সদ্য সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান আব্দুল মন্নাফকেও এ বিষয়ে জানানো হয়েছে। এরপরও তিনি দায়িত্ব হস্তান্তর না করলে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইউএনও।

উল্লেখ্য, আদমপুর ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীরের ভেতর থেকে ছয়টি গাছ কেটে করাতকলে পাঠিয়ে দেওয়ার অভিযোগে চেয়ারম্যান আব্দুল মন্নাফের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরবর্তী সময়ে অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এরপর প্রশাসনিক প্রক্রিয়া শেষে গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারায় অপরাধ সংঘটিত হওয়ার বিষয় উল্লেখ করা হয়েছে।

এখন সাময়িক বরখাস্তের আদেশ কার্যকরের পাশাপাশি আদমপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST