ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট, জরিমানা আদায়
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর
রোববার (১৫ নভেম্বর) কুমিল্লা-সিলেট মহাসড়কে যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ উৎপন্ন এবং হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে তিনটি পরিবহনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৬০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।
অভিযানকালে সংশ্লিষ্ট পরিবহনগুলো থেকে ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রায় ১০টি বাস, ট্রাক ও অটোরিকশায় শব্দদূষণ নিয়ন্ত্রণবিষয়ক স্টিকার লাগানো হয়।
জেলা প্রশাসনের পক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল ইসলাম। পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউশন প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাখিবুল হাসান। এ সময় বাংলাদেশ পুলিশের সদস্যরা অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756