ত্যাগের ইতিহাস বুকে, ছাত্রদলের আদর্শে অবিচল বাবু
মো. রিয়াদ/রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
দল থেকে বহিষ্কৃত হলেও ছাত্রদলের আদর্শ ও রাজনৈতিক বিশ্বাস থেকে একচুলও সরে দাঁড়াননি বলে জানিয়েছেন সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবু। মামলা, কারাবরণ ও নির্যাতনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেছেন, দুঃসময়ে দলের পাশে ছিলেন, ভবিষ্যতেও সংগঠন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে বাবু বলেন, ছাত্রদল তাঁর অনুপ্রেরণা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠনের আদর্শ ও নীতিই তাঁর রাজনৈতিক পথচলার শক্তি। ছাত্রদল করার কারণে আওয়ামী লীগের শাসনামলে তাঁকে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হতে হয়েছে। একাধিক মামলার আসামি হওয়ার পাশাপাশি কারাবরণও করতে হয়েছে। তবে এসব প্রতিকূলতা তাঁকে আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।
বাবু আরও বলেন, দলের দুঃসময়ে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সংগঠনের পক্ষে কাজ করেছেন। সুসময়েও দলের জন্য আরও বেশি ত্যাগ ও পরিশ্রম করতে চান। মিথ্যা মামলায় জড়িয়ে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, বহিষ্কার করা হলেও তাঁর রাজনৈতিক আদর্শ, বিশ্বাস ও ছাত্রদলের প্রতি ভালোবাসা পরিবর্তন হয়নি।
নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে গাউছিয়া ফ্লাইওভারের এলাকায় তাঁর ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ওই ঘটনার বিষয়ে এলাকার সাধারণ মানুষ অবগত রয়েছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নির্দেশনায় স্বপ্নের রূপগঞ্জ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে চান। পাশাপাশি এলাকার মানুষের জানমালের নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে চান।
নিজের শক্তির জায়গা তুলে ধরে বাবু বলেন, ছাত্রদলের সহযোদ্ধা ও এলাকার সাধারণ মানুষই তাঁর মূল শক্তি। সময়ের ওপর আস্থা রেখে তিনি বলেন, মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
সবশেষে নিজের অবস্থান স্পষ্ট করে বাবু বলেন, দুঃসময়ে পিছিয়ে যাননি, সুসময়েও পিছিয়ে যাবেন না। আদর্শের প্রশ্নে কোনো আপস করবেন না।