November 24, 2026, 12:28 pm
শিরোনাম:
শোকজ ও বিভাগীয় মামলাতেও থামেনি অনিয়ম, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের যেন মহাযজ্ঞ সংখ্যালঘুদের ইস্যুতে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা গ্রহণযোগ্য নয়: সুরঞ্জন ঘোষ নেত্রকোনার ৫৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান ত্যাগের ইতিহাস বুকে, ছাত্রদলের আদর্শে অবিচল বাবু ইয়েলো ল্যাম্পের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী: আতাইকুলায় ‘স্কুল জোন ট্রাফিক সাইন’ স্থাপন ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার। জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মাইজবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুললেন স্বপন তালুকদার কাজীপুরে তেকানী ইউপি’র চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলী আলোচনার শীর্ষে নিশ্চিন্তপুরে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুললেন নুরুল ইসলাম বাবু, নির্বাচনী মাঠে বাড়ছে তৎপরতা

শোকজ ও বিভাগীয় মামলাতেও থামেনি অনিয়ম, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের যেন মহাযজ্ঞ

রিপোর্টারের নাম

শোকজ ও বিভাগীয় মামলাতেও থামেনি অনিয়ম, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের যেন মহাযজ্ঞ

জাহিদুল হক জাহিদ : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও পাঠদান ফাঁকির অভিযোগ যেন পিছু ছাড়ছে না। অতীতে একাধিকবার জাতীয় গণমাধ্যমে এসব বিদ্যালয়ের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ (শোকজ), কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে চলমান রয়েছে বিভাগীয় মামলাও। কিন্তু এত কিছুর পরও থামেনি অভিযোগ। এবার বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ফেলে রেখে শিক্ষকদের নদীঘাটে অবস্থানের দৃশ্য ধরা পড়েছে অনুসন্ধানী সাংবাদিক দলের ভিডিও ফুটেজে।

গত ২৩ নভেম্বর তথ্য অনুসন্ধানের ভিত্তিতে সিরাজগঞ্জ অনুসন্ধানী সাংবাদিক টিম জেলার দুটি নদীঘাটে অবস্থান নেয়। অনুসন্ধানে অভিযোগ ওঠে, দুপুর ১টার দিকে শহিদ খারুয়া আহসান হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রেখে কর্মস্থল ত্যাগ করেন। এ অভিযোগের সূত্র ধরে একই দিন দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নদীঘাটে শিক্ষকদের উপস্থিতি দেখতে পান অনুসন্ধানী সাংবাদিক দলের সদস্যরা।

এ সময় ঘটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর সাচালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাটাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও নদীঘাটে অবস্থান করতে দেখা যায়। ঘটনাস্থলে তাঁদের অবস্থানের দৃশ্য ভিডিও ফুটেজে ধারণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্যও সংগ্রহ করা হয়েছে।

শিক্ষকদের দায়িত্ব পালনের এমন চিত্র সামনে আসায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। নির্ধারিত সময়ে বিদ্যালয়ে পাঠদান না করে শিক্ষকরা নদীঘাটে অবস্থান করলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে? সরকারি বেতন-ভাতা গ্রহণ করেও দায়িত্ব পালনে এমন অবহেলার অভিযোগ উঠলে তার জবাবদিহি নিশ্চিত করবে কে?

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কয়েকটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক নয়। কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ও উপস্থিতি নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এর আগে এসব বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম, বিদ্যালয়ে অনুপস্থিতি ও ক্লাস ফাঁকির অভিযোগে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। একপর্যায়ে সংশ্লিষ্ট শিক্ষকদের একবার শোকজও করা হয়েছিল। তাঁদের মধ্যে এক-দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলাও চলমান রয়েছে বলে জানা গেছে। এরপরও নানা অজুহাতে বিদ্যালয়ের নিয়মকানুন উপেক্ষা করে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠছে।

এলাকাবাসীর অভিযোগ, শুধু বিদ্যালয়ে অনুপস্থিতি নয়, সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের যথাযথ তদন্ত ও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে না। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। অভিভাবকদের প্রশ্ন, সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়েও যদি শিক্ষক না পাওয়া যায়, তাহলে তাদের শিক্ষার দায়িত্ব কে নেবে?

অন্যদিকে, বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন সময়ে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করলেও মাঠপর্যায়ে তার কার্যকর প্রতিফলন কতটা ঘটছে, তা নিয়ে অসন্তোষ রয়েছে স্থানীয়দের মধ্যে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. আপেল মাহমুদ বলেন, যেসব শিক্ষক এ ধরনের কাজ করেছেন, তাঁদের কাছে লিখিত জবাব চাওয়া হবে। লিখিত জবাব সন্তোষজনক না হলে পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে প্রশ্ন উঠেছে, এর আগেও শোকজ এবং বিভাগীয় মামলার মতো প্রশাসনিক পদক্ষেপের পরও যদি একই ধরনের অভিযোগ সামনে আসে, তাহলে শুধু লিখিত জবাব চাওয়াতেই কি দায়িত্বে অবহেলা বন্ধ হবে? সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম, শিক্ষকদের কর্মস্থলে উপস্থিতি এবং পূর্বের অভিযোগগুলোর নিষ্পত্তি নিয়ে কার্যকর তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

তাঁদের দাবি, ২৩ নভেম্বরের ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য যাচাই করে নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে পূর্বের শোকজের জবাব, চলমান বিভাগীয় মামলার অগ্রগতি এবং বিদ্যালয়গুলোর পাঠদান পরিস্থিতি খতিয়ে দেখে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কোনো শিক্ষকের ব্যক্তিগত সুবিধা-অসুবিধার জায়গা নয়; এটি রাষ্ট্রের অর্থায়নে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অবহেলা করার সুযোগ নেই। প্রশ্ন এখন একটাই—বারবার অভিযোগ ও প্রশাসনিক পদক্ষেপের পরও বিদ্যালয়ে শৃঙ্খলা ফিরবে কবে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST