টেকনাফে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক শীর্ষ আসামি ‘লেডু’ গ্রেফতার
মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ- কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক শীর্ষ আসামি জামাল উদ্দিন প্রকাশ জামাল হোসেন প্রকাশ ‘লেডু’ (৪০)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) গভীর রাতে র্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত লেডু টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কে কে পাড়ার মৃত আমির মোহাম্মদ সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে ২০২২ সালের একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সাজা ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। র্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে বুধবার রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে অভিযান এবং ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।