সংখ্যালঘুদের ইস্যুতে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা গ্রহণযোগ্য নয়: সুরঞ্জন ঘোষ
মোঃ মাহবুব আলম, কিশোরগঞ্জ প্রতিনিধি:
প্রতিবেশী রাষ্ট্র সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়টিকে সামনে এনে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান সুরঞ্জন ঘোষ।
(২৪ শে নভেম্বর, মঙ্গলবার) উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়ায় আয়োজিত তারকব্রহ্ম নামকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, ভক্তবৃন্দ, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তব্যে সুরঞ্জন ঘোষ বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকারকে কেন্দ্র করে কোনো পক্ষের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা কাম্য নয়। ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে দেশের সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক নড়াইলের সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অপরাধীর কোনো ধর্মীয় পরিচয় নেই। অপরাধ করলে তার পরিচয় অপরাধী হিসেবেই বিবেচিত হওয়া উচিত। কোনো ব্যক্তির অপরাধের দায় একটি সম্পূর্ণ ধর্মীয় সম্প্রদায়ের ওপর চাপানো সমীচীন নয়।
তিনি আরও বলেন, রাজনৈতিক বিরোধ কিংবা বিচ্ছিন্ন কোনো ঘটনাকে সাম্প্রদায়িক সংঘাত হিসেবে উপস্থাপন করা উচিত নয়। রাজনৈতিক স্বার্থে কোনো ঘটনাকে ভিন্নভাবে প্রচার করা হলে সমাজে বিভেদ ও অবিশ্বাস তৈরি হতে পারে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখা জরুরি। দীর্ঘদিনের সামাজিক বন্ধন অক্ষুণ্ন রেখে সবাইকে মিলেমিশে বসবাস করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আয়োজক কমিটির সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামকীর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়।