আগপুংগলী চারমাথা মোড়ে সড়কে বড় ধরনের ভাঙন, ঝুঁকিতে যান চলাচল
ফরিদপুর, পাবনা প্রতিনিধি:
পাবনার ফরিদপুর উপজেলার আগপুংগলী চারমাথা মোড় সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণে সড়কের একাংশের মাটি সরে গিয়ে ভাঙন তীব্র হয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের মধ্যে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, সড়কের পশ্চিম ও পূর্ব পাশে থাকা বড় জলাশয়ের কারণে বৃষ্টির পানির চাপ ও স্রোতে সড়কের মাটি সরে যাচ্ছে। ফলে ভাঙন ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে এবং সড়কের একটি অংশ দুর্বল হয়ে পড়েছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন ও অসংখ্য পথচারী চলাচল করেন। বিশেষ করে রাতের বেলা এবং বৃষ্টির সময় ভাঙনকবলিত স্থানটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙনকবলিত অংশে মাটি ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সংস্কারের পাশাপাশি স্থায়ীভাবে সড়কটি সুরক্ষার ব্যবস্থা করুক।
এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভাঙন আরও বিস্তৃত হয়ে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।