মাদক ব্যবসার প্রতিবাদ করায় খুন, কসবার সাব্বির হত্যা মামলায় আসামি গ্রেপ্তার
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে নাজমুল হাসান সাব্বির হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯।
বুধবার (৪ নভেম্বর) রাত প্রায় ১ টার দিকে জেলার সদর উপজেলার রামরাইল এলাকায় অভিযান চালিয়ে মো. কামাল মিয়া (৫০)। কে গ্রেফতার করা হয়।
তিনি কসবা উপজেলার খাড়েরা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নাজমুল হাসান সাব্বির কসবা উপজেলার খাড়েরা এলাকার বাসিন্দা। অভিযুক্তরাও একই এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে সাব্বিরের বাড়ির আশপাশে মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিলেন। এ কাজে বাধা দেওয়া এবং একাধিকবার নিষেধ করাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এরই জেরে গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে অভিযুক্তরা সাব্বিরকে ডেকে বাড়ির বাইরে নিয়ে আসেন। এ সময় আব্দুল হান্নানের নির্দেশে অন্য অভিযুক্তরা দা, রামদা, চাপাতি, লোহার রড, লাঠি ও কাঠের স্টাম্পসহ দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। পরবর্তীতে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কামাল মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ সূত্রে এসব তথ্য জানা গেছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়ায় 01717490756