উখিয়ায় শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে ইউএনও’কে ছাত্রদলের স্মারকলিপি
সমীর রুদ্র
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় এপিবিএন পুলিশসহ বিভিন্ন চেকপোস্টে সাধারণ শিক্ষার্থীদের অহেতুক হয়রানি, দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিকার এবং শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার দাবিতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উখিয়া উপজেলা শাখা ও উখিয়া কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ছাত্রদলের নেতৃবৃন্দ অভিযোগ করেন, উখিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত চেকপোস্টগুলোতে ইদানীং সাধারণ ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সময় নানাভাবে হয়রানি করা হচ্ছে। কোনো কারণ ছাড়াই তাদের দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় এবং তল্লাশির নামে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, যা শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ও স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তি তৈরি করছে। দ্রুত এই অহেতুক হয়রানি বন্ধ না হলে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
স্মারকলিপি গ্রহণ করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। স্মারকলিপি প্রদানকালে উখিয়া উপজেলা ছাত্রদল এবং উখিয়া কলেজ ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।