ধামইরহাটে মোবাইল ফোন নিয়ে মায়ের সঙ্গে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
মোঃ মাফুজুর রহমান নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলায় মোবাইল ফোন নিয়ে মায়ের সঙ্গে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে উপজেলার মুকুন্দপুর (মঙ্গলবাড়ী বাজার) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আনান হুসেন (১৯)। তিনি উপজেলার মুকুন্দপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে মোবাইল ফোন নিয়ে মায়ের সঙ্গে আনান হুসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিজের শয়নকক্ষে গিয়ে সিলিং ফ্যানের কড়ার সঙ্গে জানালার পর্দার কাপড় দিয়ে গলায় ফাঁস নেন।
পরে পরিবারের সদস্যরা জানালা দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে আনান হুসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।