November 23, 2026, 11:24 am
শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অষ্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত টানা তিন দিনের বৃষ্টিতে নেত্রকোণায় আমন কাটা ও মাড়াই ব্যাহত আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সমাজসেবক মোহাম্মদ বাবুল আক্তার রামপালে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত  বাঙ্গালা ইউনিয়নে বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ইউপি সদস্য ফজলুল হক মতলব উত্তরের উত্তর তাতুয়ায় ১৫ ডিসেম্বর থেকে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন জয়পুরহাটের কালাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সদস্য নাহিদ চৌধুরী গ্রেফতার জামালপুরে ২য় শ্রেণীর শিশু নির্যাতনের ঘটনায় সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল

জয়পুরহাটে অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে আমন ধান,দিশেহারা কৃষক

রিপোর্টারের নাম

জয়পুরহাটে অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে আমন ধান,দিশেহারা কৃষক
জাহিদুল ইসলাম (জাহিদ) জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের প্রতিটি উপজেলার কৃষকেরা। তিন দিনের বৃষ্টিতে ফসলের মাঠে জমেছে পানি। কোথাও কাটা আমন ধান পানিতে ভাসছে, কোথাও পাকা ধানগাছ নুয়ে পড়েছে। আবার যেসব জমিতে আগাম আলু ও শীতকালীন সবজি চাষের প্রস্তুতি চলছিল, সেসব জমিতেও পানি জমে দেখা দিয়েছে নতুন শঙ্কা। এতে একদিকে ঘরে তোলা আমন ধান নষ্ট হওয়ার আশঙ্কা, অন্যদিকে আলু চাষে পিছিয়ে পড়ার দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

টানা বৃষ্টির পর আবারও বৃষ্টির পূর্বাভাসে উদ্বেগ আরও বেড়েছে। মাঠে পানি জমে থাকায় ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধান কাটতে আসা মৌসুমি শ্রমিকদের অনেকেই কাজ বন্ধ রেখে নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন। ফলে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধান কাটার গতি কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

রোববার সকালে জেলার কয়েকটি মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে নিচু জমিগুলো প্রায় ডুবে আছে। কোথাও কাটা ধান পানিতে ভাসছে আবার অনেক জমিতে পাকা ধানগাছ মাটিতে হেলে পড়েছে। জমে থাকা পানি বের করতে কোদাল হাতে নালা কাটছেন কৃষকেরা।অন্যদিকে আগাম আলু রোপণ করা জমিতেও জমেছে পানি, সকাল থেকেই নিজেদের ফসল রক্ষায় ব্যস্ত সময় পার করছেন তারা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আমন ধান কাটার পর দ্রুত জমি প্রস্তুত করে আগাম আলু রোপণের পরিকল্পনা ছিল তাদের। এ সময়টিতে জমি প্রস্তুত ও আলু রোপণ করতে পারলে ভালো ফলনের পাশাপাশি বাজারে আগাম আলু বিক্রির সুযোগ থাকে। কিন্তু অসময়ের বৃষ্টিতে সেই পরিকল্পনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। জমি থেকে পানি না নামলে আলু রোপণ বিলম্বিত হবে। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি ফলন ও বাজারজাতকরণেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

কালাই উপজেলার জমিনপুর গ্রামের কৃষক রুবেল হোসেন বলেন, অনেক আশা ছিল দ্রুত ধান বাড়িতে তুলে জমিতে আলু রোপণ করব। কিন্তু বৃষ্টিতে সেই আশা পূরণ হচ্ছে না। আমার জমির কাটা ধান পানিতে ভাসছে। এখন ধান রক্ষা করব, নাকি আলু চাষের প্রস্তুতি নেব তা নিয়েই দুশ্চিন্তায় আছি।

ক্ষেতলাল উপজেলার আরফান হোসেন বলেন, মাঠে যে পরিমাণ পানি জমেছে, তাতে এখনই আলু লাগানো সম্ভব হবে না। যারা ধান কেটে জমিতে রেখেছেন, তাদের ক্ষতির আশঙ্কা রয়েছে। পানি না কমলে নতুন করে জমি প্রস্তুত করা কঠিন হয়ে পড়বে।

হাতিয়র গ্রামের কৃষক তাজমহল হোসেন জানান, তিন দিন আগে পাঁচ বিঘা জমির ধান কেটে মাঠে রেখেছেন তিনি। টানা বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। রোদ না উঠলে এসব ধান শুকানো সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তার মতো অনেক কৃষকের পাকা ধান এখনো মাঠে পড়ে আছে।

লুৎফর রহমান নামের আরেক কৃষক বলেন, সকাল থেকে না খেয়েই জমির পানি বের করার জন্য নালা কাটছি। শুনছি, রাতেও বৃষ্টির সম্ভাবনা আছে। আলু রোপণের চিন্তা তো এখন দূরের কথা, আবার বৃষ্টি হলে কাটা ধান বাড়িতে নেওয়াই কঠিন হয়ে পড়বে।

এদিকে রংপুর, কুড়িগ্রাম, জলঢাকা ও গাইবান্ধা থেকে ধান কাটতে আসা শ্রমিকেরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার আমনের ফলন ভালো হয়েছে। কয়েক দিন ধরে তারা ধান কাটলেও বৃষ্টির কারণে অধিকাংশ ধানই মাঠে পড়ে আছে। সামান্য কিছু ধান বাড়িতে তুলতে পেরেছেন। মাঠে কাজের পরিবেশ না থাকায় আপাতত নিজ নিজ এলাকায় ফিরে যাচ্ছেন তারা। আবহাওয়া ভালো হলে এবং জমি শুকিয়ে এলে আবারও কাজে ফিরবেন বলে জানান।

কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১১ হাজার ৯৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমি থেকে ৫৯ হাজার ৫২১ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। এ ছাড়া উপজেলায় প্রায় ১০৩ হেক্টর জমিতে শীতকালীন সবজির বীজ বপন করা হয়েছে। ফলে টানা বৃষ্টিতে আমন ধানের পাশাপাশি শীতকালীন সবজি আবাদ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় জয়পুরহাটের বিভিন্ন এলাকায় পাকা আমন ধান, শীতকালীন সবজি ও সরিষার ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা কাজ করছেন।
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, যার মধ্যে ৪ হাজার ১১৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এবার জেলায় ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৭ হাজার ৪৪০ হেক্টর জমিতে আলু লাগানো হয়েছে এবং ১ হাজার ২৩৭ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পেঁয়াজ ও সরিষাসহ ১ হাজার ৫১১ হেক্টর জমির শাক-সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
জাহিদুল ইসলাম (জাহিদ)
জয়পুরহাট জেলা প্রতিনিধি।
মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST