ট্রাফিক পুলিশের সহায়তায় মেয়ের বিয়ের ৫০ হাজার টাকা ফিরে পেলেন বৃদ্ধ
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া ।
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় রাস্তায় হারিয়ে যাওয়া মেয়ের বিয়ের কেনাকাটার ৫০ হাজার টাকা ট্রাফিক পুলিশের সহায়তায় ফিরে পেয়েছেন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ।
রোববার (১৬ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে কাউতলী এলাকায় ট্রাফিক দায়িত্ব পালনকালে সার্জেন্ট রাসেলুর রহমান, সার্জেন্ট শাহদাত হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা রাস্তার ওপর টাকার একটি বান্ডিল পড়ে থাকতে দেখেন। পরে তারা টাকাগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
এর কিছুক্ষণ পর প্রায় ৬৫ বছর বয়সী মো. তাজুল ইসলাম নামে এক বৃদ্ধ কাউতলী এলাকায় এসে কান্নাজড়িত অবস্থায় টাকা খুঁজতে থাকেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসূলপুর এলাকা থেকে মেয়ের বিয়ের কেনাকাটার জন্য শহরে এসেছেন। কাউতলী মোড়ে সিএনজির ভাড়া দেওয়ার সময় লুঙ্গির কোঁচায় রাখা ৫০ হাজার টাকা অসাবধানতাবশত কোথাও পড়ে যায়।
পরে পুলিশ সদস্যরা তার কাছে হারানো টাকার পরিমাণ, নোটের মূল্যমানসহ বিভিন্ন তথ্য জানতে চান। বৃদ্ধের দেওয়া তথ্যের সঙ্গে উদ্ধার করা টাকার বর্ণনা ও পরিমাণের মিল পাওয়া যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে যাচাই-বাছাই শেষে
উক্ত ৫০ হাজার টাকা মো. তাজুল ইসলামের কাছে হস্তান্তর করেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ তাজুল ইসলাম। তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, হারানো টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় ট্রাফিক পুলিশের দায়িত্বশীলতা ও মানবিকতার দৃষ্টান্ত ফুটে উঠেছে।