সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা করার ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মোঃ ইয়াছিন আলী
সিরাজগঞ্জ প্রতিনিধি:
দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে সিরাজগঞ্জকে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে জেলায় ১৮ থেকে ২০ হাজার ছানি আক্রান্ত রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন ও পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ১০ লাখ ছানি অপারেশনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রাথমিকভাবে ১৮ থেকে ২০ হাজার রোগীর বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা গেলে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, চোখের আলো মানুষের অমূল্য সম্পদ। রাজনৈতিক সহিংসতা ও আন্দোলনে অনেক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। অর্থের অভাবে যেন কোনো মানুষ চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেটিই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে দরিদ্র ও অসহায় মানুষও বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন। সিরাজগঞ্জকে ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নেরই অংশ।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, ছানিসহ বিভিন্ন চক্ষু রোগের চিকিৎসা পরামর্শ এবং চশমার পাওয়ার নির্ণয় করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ছানি আক্রান্ত রোগীদের তালিকাভুক্ত করে পর্যায়ক্রমে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), সিরাজগঞ্জ এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।