কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড নওগাঁর নজিপুর ও পত্নীতলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
নওগাঁ প্রতিনিধি: আব্দুল আজিজ
নওগাঁর পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর এলাকার ওপর দিয়ে বয়ে গেছে তীব্র কালবৈশাখী ঝড়। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ধেয়ে আসা এই ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন। ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির কারণে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে, ভেঙে গেছে ঘরবাড়ি এবং আমসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় শনিবার রাত থেকেই পুরো এলাকা বিদ্যুৎহীন রয়েছে। সকাল থেকে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ কর্মীরা রাস্তা পরিষ্কার ও লাইন মেরামতের কাজ করছেন। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে এবং সরকারি সহায়তার আশ্বাস দিয়ে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করেছে।