কসবায় পৃথক অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক দুটি অভিযানে মোট ৩২ কেজি গাঁজাসহ চারজন কথিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) ভোর ও সকালে কসবা থানা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটে কসবা থানার বায়েক এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ জামাল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এদিকে একই দিন সকাল ১১টা ৩০ মিনিটে কসবা পৌরসভার শাহপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি অটোরিকশা তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা ইসমাইল, মো. ইকবাল ও মো. মাহফুজ মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— জামাল মিয়া (৪২), পিতা: মৃত তাজুল ইসলাম, গ্রাম: বায়েক; ইসমাইল, পিতা: মৃত আলী হোসেন, গ্রাম: আকবপুর; মো. ইকবাল, পিতা: ধনু মিয়া এবং মো. মাহফুজ মিয়া, পিতা: নূর মোহাম্মদ। ইকবাল ও মাহফুজ মিয়ার বাড়ি কুইয়াপানিয়া গ্রামে। সকলেই কসবা উপজেলার বাসিন্দা।
পুলিশ উদ্ধারকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করেছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া,01717490756