শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
সর্বজিৎ চাকমা,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি তাঁর মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার (১ জুন) শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখার স্বার্থে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। পরে ১৭ ফেব্রুয়ারি তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের সাড়ে তিন মাসের মাথায় তাঁর এই পদত্যাগ পার্বত্য অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। মন্ত্রণালয়ের পরবর্তী দায়িত্ব কার হাতে যাচ্ছে, তা নিয়ে নানা মহলে জল্পনা-কল্পনা চলছে।