পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
মোঃ সাকিব ইসলাম, বিশেষ প্রতিনিধি (জয়পুরহাট):
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ এবং আসন্ন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী, পাঁচবিবি থানার সেকেন্ড অফিসার আব্দুস সোবহান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, আটাপাড়া বিওপির সুবেদার অমরেশ এবং আনসার-ভিডিপি কর্মকর্তা নুরুন্নবী।
জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা জামায়াতের আমির সুজাউল, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক গোলশান আরা গ্যালিন, পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব এবং পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালন করতে হবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি, কৃষকদের জন্য সারের কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি বা অনিয়ম করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।