ঝালকাঠি রাজাপুরে জটিল রোগে আক্রান্তদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ
মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত রোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও জটিল রোগে আক্রান্ত রোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ উপকারভোগী রোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।
চেক বিতরণকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, সমাজের অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। জটিল রোগে আক্রান্ত অনেক পরিবার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সরকারের এই আর্থিক সহায়তা তাদের চিকিৎসা ব্যয়ে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি চলমান রয়েছে। প্রকৃত অসচ্ছল ও রোগাক্রান্ত মানুষের কাছে এসব সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।
চেক পেয়ে উপকারভোগী রোগী ও তাদের স্বজনরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, চিকিৎসার ব্যয় বহনে হিমশিম খাওয়া পরিবারের জন্য এই আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বক্তারা জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসায় সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি
০১৭১১০৫৫৯৭৯