আশুগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়া গ্রেফতার
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি কুদ্দুস মিয়াকে (৬০) গ্রেফতার করেছে র্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে আশুগঞ্জ উপজেলার চরচারতল ইউনিয়ন পরিষদের পেছনে রেললাইনের ওপর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কুদ্দুস মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার পশ্চিমপাড়া এলাকার মৃত মজিদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে কুদ্দুস মিয়া তাঁর স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার পাল্লা পুকুর পশ্চিমপাড়ে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। গত ১ নভেম্বর স্ত্রীকে ২০ হাজার টাকা দিতে বলেন কুদ্দুস। কিন্তু স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এ সময় স্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
পরদিন ২ নভেম্বর সকালে ওই বাসার একটি শিশু কক্ষে মোবাইল ফোনের শব্দ শুনে দরজা খোলা পেয়ে উঁকি দেয়। এ সময় সে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে বাড়ির লোকজন এসে তাঁর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের পুত্রবধূ রেহেনা আক্তার (১৯) বাদী হয়ে কুদ্দুস মিয়াকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকে পলাতক আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালায় এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে আশুগঞ্জের চরচারতল ইউনিয়ন পরিষদের পেছনে রেললাইনের ওপর অভিযান চালিয়ে কুদ্দুস মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নম্বর ১২, তারিখ ৫ নভেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত কুদ্দুস মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756