বিজয়নগরে ১৯৭ বোতল স্কফ সিরাপসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়ায়।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এসআরবি-৯ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে ১৯৭ বোতল এসকাফ সিরাপসহ রেহানা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং ২৫ বিজিবি, সরাইলের একটি যৌথ আভিযানিক দল বিষ্ণুপুর ইউপির কালাছড়া গ্রামের আসামির বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে রেহানা বেগমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি টিনশেড মাটির ঘরের খাটের নিচে রাখা চারটি চটের বস্তায় মোড়ানো খাকি রঙের কার্টনের ভেতর থেকে ১৯৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতার রেহানা বেগম বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের ছাত্তার মিয়ার স্ত্রী।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত নারী ও উদ্ধার করা মাদকদ্রব্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়ায়।01717490756