ফরিদপুরে ভেজাল দুধ তৈরির দায়ে ২ জনের কারাদণ্ড, ২ জনকে অর্থদণ্ড
মোঃমকবুল হোসেন (পাবনা),ফরিদপুর উপজেলা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬: পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর এলাকায় রবিবার রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ভেজাল দুধ তৈরির সময় চারজনকে আটক করা হয়েছে। পরে অপরাধের গুরুত্ব বিবেচনায় তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে জেলি ও কস্টিক সোডা ব্যবহার করে ভেজাল দুধ তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা মোতাবেক আবুল হোসেন (৩৬) নামের একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই অপরাধে ওমর ফারুক নামের অপর একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া আটক অপর দুইজনকে প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ফরিদপুর, পাবনার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আলহাজ উদ্দিন।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ফরিদপুর থানা পুলিশের চৌকস সদস্যরা।
জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজাল খাদ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।