মালয়েশিয়া যেতে না পারা ৩১৭ কর্মীর মানববন্ধন, দ্রুত পাঠানোর দাবি
রিপোর্টার: শামীম আহমেদ, ঢাকা।
মালয়েশিয়ায় যাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করেও নির্ধারিত সময়ে যেতে না পারা ভুক্তভোগী কর্মীরা দ্রুত মালয়েশিয়া পাঠানোর দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার (১৪ নভেম্বর) ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভবনের সামনে ব্যানার ও ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, তাদের অনেকেরই মালয়েশিয়া যাওয়ার জন্য ই-ভিসা ও ম্যানপাওয়ার (কাজের অনুমতি) সম্পন্ন ছিল। কিন্তু নানা জটিলতায় ৩১ মে নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি তারা। ফলে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন এসব কর্মী।
ভুক্তভোগীরা আরও জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক তাদের সমস্যার কথা শুনে আটকে পড়া কর্মীদের তালিকা প্রস্তুত করার কথা বলেছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী প্রায় ৩১৭ জন ই-ভিসা ও ম্যানপাওয়ার কার্ডধারী কর্মীর তালিকা তৈরি করে মন্ত্রণালয় ও বোয়েসেল কার্যালয়ে জমা দেওয়া হয়। তবে তালিকা জমা দেওয়ার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান না পাওয়ায় তারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, মালয়েশিয়া যাওয়ার জন্য তারা ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় করেছেন। অনেকেই ঋণ করে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সব বৈধ কাগজপত্র থাকার পরও যেতে না পারায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম দুশ্চিন্তা ও আর্থিক দুর্ভোগে পড়েছেন।
এ সময় তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর আরিফুল হক এর কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, আটকে পড়া এখনো ৩১৭ জন কর্মীর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত মালয়েশিয়ায় পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে।
শান্তিপূর্ণ এ মানববন্ধন থেকে ভুক্তভোগীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তালিকা যাচাই, প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ এবং তাদের বিদেশ যাওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
তাদের একটাই প্রত্যাশা—বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যারা মালয়েশিয়ায় যেতে পারেননি, দীর্ঘদিনের অপেক্ষা ও আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনা করে সরকার যেন দ্রুত তাদের কর্মস্থলে যাওয়ার ব্যবস্থা করে।