উখিয়ায় কাশিয়ারবিল হরি মন্দিরের ছাদ ঢালাই উপলক্ষে ভাগবত পাঠ ও ভজন কীর্তন অনুষ্ঠিত
সমীর রুদ্র- কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ারবিল সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের ছাদ ঢালাইয়ের শুভ দিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২১ আগস্ট শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই ছাদ ঢালাই কাজের উদ্বোধন এবং ‘ভাগবত পাঠ ও ভজন কীর্তন’ অনুষ্ঠিত হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এই ধর্মীয় উৎসব। অনুষ্ঠানের শুরুতে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে মন্দিরের নতুন ভবনের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উখিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত গুণী ও সম্মানিত ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ও কৃষ্ণভক্ত উপস্থিত ছিলেন। উপস্থিত ভক্ত ও অতিথিরা মন্দিরের নির্মাণ কাজ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য বিশেষ প্রার্থনা করেন এবং কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মন্দিরের এই শুভ দিনটিকে কেন্দ্র করে পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে ভজন কীর্তন, ধর্মীয় সংগীত ও ভাগবত পাঠ পরিবেশন করেন দক্ষিণ চট্টগ্রামের খ্যাতনামা কীর্তনীয়া শ্রী নীলকৃষ্ণ রুদ্র, শ্রী বাবুল কৃষ্ণ দাশ এবং শ্রী সজল গৌর দে ও তাঁর দল। তাঁদের সুমধুর কণ্ঠে ধর্মীয় সংগীত ও কীর্তন শুনে উপস্থিত ভক্তরা ভাবাবেগে আপ্লুত হন।ঐতিহ্যবাহী এই ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে দুপুরের দিকে দূর-দূরান্ত থেকে আসা সকল ভক্ত ও অতিথিদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শান্তিপূর্ন ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি শেষ হওয়ায় আয়োজক কমিটি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।