ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধ কোটি টাকার অবৈধ রিং জাল জব্দ, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের টান বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ রিং জাল জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা অবৈধ রিং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের টান বাজার এলাকার হাজি এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার।
অভিযানসংশ্লিষ্টরা জানান, হাজি এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে ৪১ বস্তা অবৈধ রিং জাল পাওয়া যায়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। নিষিদ্ধ এসব জাল ব্যবহারের ফলে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযানকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা অবৈধ রিং জাল আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।
অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শামীম আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্যসম্পদ রক্ষা এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ জাল, পোনা মাছ নিধনসহ নিষিদ্ধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756