ঈশ্বরদীতে বর্ণাঢ্য লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা অনুষ্ঠিত
পাবনা জেলা প্রতিনিধি।
পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা-২০২৬’। আজ শুক্রবার (৫ জুন) উৎসবমুখর পরিবেশে স্থানীয় কৃষকদের উৎপাদিত উন্নতমানের লিচু ও বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শনের মাধ্যমে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলাকে কেন্দ্র করে স্থানীয় চাষি, কৃষি উদ্যোক্তা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠান শেষে তিনি পাবনা বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি পাবনা অঞ্চলে শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান বৃদ্ধির নানাদিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি দেশের কৃষি খাতের উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা এবং নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ ও সাফল্যের চিত্র তুলে ধরেন।
মেলা পরিদর্শনে এসে অতিথিরা ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সুস্বাদু লিচুর প্রশংসা করেন এবং এই অঞ্চলের কৃষি বাণিজ্যকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এ ধরনের উৎসব ও মেলা ঈশ্বরদীর লিচু দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে ব্র্যান্ডিং করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক (ডিসি )আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রেজিনুর রহমান,সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।