July 24, 2026, 9:25 pm
শিরোনাম:
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই আশুগঞ্জে ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার বিজয়নগরে বিদ্যালয়ের মেরামত বরাদ্দে অনিয়ম, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার আশুগঞ্জে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রথযাত্রার নয়দিনের কর্মসূচির পঞ্চম দিনে কুমিল্লার শ্রীশ্রী গুপ্ত জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল, পূজার্চনা শেষে মহাপ্রসাদ বিতরণ বিজয়নগরে হাঁসের বাচ্চা কেনাবেচাকে কেন্দ্র করে একজন নিহত আখাউড়ায় গাঁজাসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা রাজারহাটে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন: স্বস্তির আশায় নদীপাড়ের হাজারো মানুষ

রথযাত্রার নয়দিনের কর্মসূচির পঞ্চম দিনে কুমিল্লার শ্রীশ্রী গুপ্ত জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল, পূজার্চনা শেষে মহাপ্রসাদ বিতরণ

রিপোর্টারের নাম

রথযাত্রার নয়দিনের কর্মসূচির পঞ্চম দিনে কুমিল্লার শ্রীশ্রী গুপ্ত জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল, পূজার্চনা শেষে মহাপ্রসাদ বিতরণ

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।

শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে আয়োজিত নয়দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার পঞ্চম দিনে কুমিল্লা নগরীর ডিগাম্বরী তলায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী গুপ্ত জগন্নাথ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তিময় পরিবেশ ও উৎসবমুখর আবহে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য ভক্তের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।

দিনের শুরুতেই বিশেষ পূজার্চনা, মঙ্গল আরতি, ভক্তিমূলক কীর্তন ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা এবং আশপাশের অঞ্চল থেকে নারী-পুরুষ, শিশু, কিশোর ও প্রবীণ ভক্তরা মন্দিরে সমবেত হন। হরিনাম সংকীর্তন, প্রার্থনা ও জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ।

পূজার্চনা শেষে দুপুরে উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শৃঙ্খলাবদ্ধভাবে ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহাপ্রসাদ গ্রহণ পুণ্য ও আশীর্বাদের প্রতীক হওয়ায় ভক্তদের মধ্যে ছিল গভীর উৎসাহ, আনন্দ ও আত্মিক প্রশান্তির আবহ।

এদিনের ধর্মীয় অনুষ্ঠান ও সার্বিক আয়োজন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং শ্রীশ্রী গুপ্ত জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি তপু চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। তাঁর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পূজার্চনা, কীর্তন, মহাপ্রসাদ বিতরণসহ সকল কর্মসূচি সুষ্ঠু, সুশৃঙ্খল ও ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়।

অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসূফ মোল্লা টিপু। তিনি মন্দিরের বিভিন্ন আয়োজন ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্রী শ্যামলকৃষ্ণ সাহা উপস্থিত থেকে উৎসবের বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ, মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিসহ অসংখ্য ভক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, রথযাত্রা উপলক্ষে আয়োজিত নয়দিনব্যাপী কর্মসূচির প্রতিদিনই বিশেষ পূজার্চনা, কীর্তন, ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সংগীত এবং মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এসব কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শ্রীশ্রী জগন্নাথদেবের প্রতি ভক্তি নিবেদনের পাশাপাশি সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।

উপস্থিত ভক্তরা বলেন, প্রতি বছরের মতো এবারও রথযাত্রার এই ধর্মীয় আয়োজনে অংশ নিতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। তারা শ্রীশ্রী জগন্নাথদেবের কাছে দেশ, জাতি এবং সমগ্র মানবজাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে প্রার্থনা করেন।

ভক্তি, ধর্মীয় আবেগ ও সম্প্রীতির অনন্য সমন্বয়ে কুমিল্লার ডিগাম্বরী তলায় শ্রীশ্রী গুপ্ত জগন্নাথ মন্দিরে রথযাত্রার নয়দিনের কর্মসূচির পঞ্চম দিনের আয়োজন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST