শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামি রিফাত পারভেজ শাওনকে (২৫) ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে র্যাব-৯ ও র্যাব-৬-এর যৌথ আভিযানিক দল।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানাধীন দোয়েল চত্বর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিফাত পারভেজ শাওন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড়ইছরা গ্রামের কামাল পারভেজের ছেলে।
র্যাবের দেওয়া তথ্যমতে, ভুক্তভোগী সরাইল উপজেলার অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ে যাতায়াতের পথে রিফাত তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৪ মে সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই ছাত্রীকে অপহরণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পরে বিভিন্ন মাধ্যমে মেয়ের অবস্থান শনাক্ত করে তার বাবা ২০২৬ সালের ১২ জুন ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে উদ্ধার করেন বলে র্যাব জানায়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, অপহরণের পর আসামি মিরপুরের একটি বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে বাসা ভাড়া নিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। ভুক্তভোগীর বয়স ১৮ বছর পূর্ণ হলে তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। পরবর্তীতে বিয়ে না করার কথা জানিয়ে বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সরাইল থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেপ্তারে র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে রিফাত পারভেজ শাওনকে গ্রেপ্তার করে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756