ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা. ডিলারকে লাখ টাকা জরিমানা
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি ৫ লিটার তেলে ২০০ মিলিলিটার করে কম দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় এক তেল বিক্রেতা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে সদর উপজেলার ভাদুঘর (মোল্লাবাড়ি মোড়) এলাকায় মেসার্স আরেফিস ট্রেডার্স নামের পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটি প্রতি ৫ লিটার তেলে ২০০ মিলিলিটার করে কম দিচ্ছে—এমন অনিয়মের সত্যতা পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক মুসলিম আহমেদ শাহেদ বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স আরেফিস ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পুনরায় ঘটলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756