ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হার্ট কেয়ার ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ
তাপস চন্দ্র সরকার।। ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হার্ট কেয়ার ফাউন্ডেশন।সংগঠনটির উদ্যোগে সাংবাদিকদের জন্য আয়োজন করা হয় বিশেষ ফ্রি হার্ট ক্যাম্প। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা থেকে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ চিকিৎসা কার্যক্রমে কুমিল্লা প্রেসক্লাবের সদস্যসহ কর্মরত সাংবাদিকরা বিনামূল্যে হৃদরোগ সংক্রান্ত প্রয়োজনীয় চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন। সারাদিন সংবাদ সংগ্রহ, মাঠপর্যায়ে ছুটে চলা, অনিয়মিত জীবনযাপন, মানসিক চাপ ও দীর্ঘ কর্মঘণ্টার কারণে সাংবাদিকদের মধ্যে হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। অথচ পেশাগত ব্যস্ততার কারণে অনেক সময় নিজেদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার সুযোগ হয়ে ওঠে না। এমন বাস্তবতায় সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফ্রি হার্ট ক্যাম্পে সাংবাদিকদের বিনামূল্যে ইসিজি, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষাসহ হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে অভিজ্ঞ চিকিৎসকরা প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। ক্যাম্পে চিকিৎসক দলের নেতৃত্ব দেন হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ। তাঁর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকরা সাংবাদিকদের বিভিন্ন শারীরিক সমস্যা, হৃদরোগের ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেন। ফ্রি চিকিৎসা ক্যাম্প শুরুর আগে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়। হার্ট কেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সাংবাদিকদের হৃদরোগের ঝুঁকি কমাতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। সাংবাদিকরা প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা নিজেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অনেক সময় উপেক্ষা করেন। তাই তাদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের সুযোগ করে দেওয়াও আমাদের সামাজিক দায়িত্বের অংশ। কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সাদিক হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- হার্ট কেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস, সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহান, সদস্য ডা. রেজাউল করিম, কোষাধ্যক্ষ কমরেড আনোয়ার হোসেন, সাংবাদিক খায়রুল আহসান মানিক, ইনার হুইল ক্লাবের সভাপতি অ্যাডভোকেট তাসলিমা বেগম প্রমুখ।বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে প্রতিনিয়ত মাঠে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালনের সময় অনেক ক্ষেত্রে তাদের অনিয়মিত খাদ্যাভ্যাস, অপর্যাপ্ত বিশ্রাম, মানসিক চাপ ও দীর্ঘ সময় কাজ করতে হয়। ফলে হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়তে পারে। সময়মতো স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণের মাধ্যমে এসব ঝুঁকি অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ফ্রি হার্ট ক্যাম্পে কুমিল্লা প্রেসক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কেউ দীর্ঘদিনের শারীরিক সমস্যার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেন, কেউ হৃদরোগের ঝুঁকি সম্পর্কে জানতে প্রয়োজনীয় পরীক্ষা করান। আবার অনেকে নিজেদের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে ইসিজি, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন করেন। বিনামূল্যে এসব পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়ায় সাংবাদিকদের মধ্যে স্বস্তি দেখা যায়। এ সময় চিকিৎসকরা হৃদরোগের প্রাথমিক লক্ষণ, ঝুঁকির কারণ, খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সচেতন করেন। সংশ্লিষ্টরা মনে করেন, যারা প্রতিদিন মানুষের খবর সংগ্রহ করেন, সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের সমস্যা তুলে ধরেন এবং জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের এ ফ্রি হার্ট ক্যাম্প ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে হৃদরোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সাংবাদিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজনীয়তার বিষয়টিও সামনে এসেছে। সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন অংশগ্রহণকারী সাংবাদিকরা। হৃদয় সুস্থ থাকলে জীবনও সুন্দর—এই বার্তা সামনে রেখে সাংবাদিকদের জন্য আয়োজিত ফ্রি হার্ট ক্যাম্পটি হয়ে উঠেছে মানবিকতা, সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত।