আশুগঞ্জে সিএনজিতে বিদেশি সিগারেট উদ্ধার, ৩ চোরাকারবারী গ্রেফতার
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিদেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে পুলিশ। সিএনজিটির নিবন্ধন নম্বর ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-৬৪৬৯।
পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে আনা ১ লাখ ৪৪ হাজার শলাকা PATRON ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ সময় সিগারেট পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—নরসিংদীর শিবপুর থানার বংশীদিয়া গ্রামের হাবিব মিয়ার ছেলে হিমেল মিয়া, পলাশ থানার ফুলবাড়িয়া গ্রামের মৃত জাকির হোসেন গাজীর ছেলে রাইসুল এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার নাসিরনগর গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে আব্দুল আওয়াল।
পুলিশ জানায়, উদ্ধার করা সিগারেট ও সিএনজি বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756