আটঘরিয়ায় বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় এজাহার
ছাবেদুল সরকার পাবনা প্রতিনিধি
পাবনার আটঘরিয়া উপজেলায় এক বাকপ্রতিবন্ধী যুবতীকে (২৬) ধর্ষণের চেষ্টার অভিযোগে আসাদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর, ২০২৬) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় আটঘরিয়া থানাধীন দেবোত্তর ইউনিয়নের তারাপাশা গ্রামে এই ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, তারাপাশা গ্রামের বাসিন্দা মোঃ মিন্টু প্রামাণিক তাঁর ফুফুর মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারসহ তাঁকে শেষ দেখার জন্য ঘাটগাছা গ্রামে যান। যাওয়ার পূর্বে তিনি তাঁর বাকপ্রতিবন্ধী মেয়েকে দেখে রাখার জন্য প্রতিবেশী ভাতিজার স্ত্রী মোছাঃ রূপা খাতুনকে দায়িত্ব দিয়ে যান।
পরবর্তীতে বেলা ১২:১৫ ঘটিকায় মিন্টু প্রামাণিক বাড়িতে ফিরে এলে রূপা খাতুন জানান, সকাল ১০:৩০ ঘটিকায় মিন্টু প্রামাণিকের বসতবাড়ি থেকে ডাক-চিৎকার শুনে তিনি সেখানে যান। ঘরে গিয়ে তিনি দেখতে পান, একই গ্রামের মোঃ রিকাত সরদারের ছেলে মোঃ আসাদুল ইসলাম (৪০) বাকপ্রতিবন্ধী যুবতীর শয়নকক্ষের বিছানায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালাচ্ছে।
এ সময় রূপা খাতুনের চিৎকারে স্থানীয় বাসিন্দা মোঃ আজিজুল ইসলাম (২০), মোঃ আতিয়ার রহমান (৪৫)-সহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত আসাদুল ইসলাম কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী যুবতী ইশারায় পুরো ঘটনাটি তাঁর স্বজনদের কাছে বুঝিয়ে বলেন।
ঘটনাটি ঘিরে আটঘরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান জানান, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের প্রক্রিয়া ও অভিযান অব্যাহত রয়েছে।