অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কুমিল্লার সনাতনী সমাজ
মানবিক এমপি মনিরুল হক চৌধুরীর পাশে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লার গণমানুষের নেতা আলহাজ্ব মোঃ মনিরুল হক চৌধুরীকে ঘিরে চলমান বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে সরব হয়েছে কুমিল্লার সনাতনী সমাজ। তারা এসব প্রচারণাকে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সনাতনী ধর্মীয়, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে বলেন, একজন জনপ্রতিনিধির দীর্ঘদিনের জনসেবামূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সত্যকে আড়াল করে মিথ্যাচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার এই প্রবণতা সমাজ ও রাষ্ট্রের জন্যও অশনিসংকেত।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে জড়িয়ে নানা ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও কুৎসিত প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। তারা দাবি করেন, এসব অপপ্রচারের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বরং একজন মানবিক, ধর্মপ্রাণ ও উন্নয়নমুখী জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবেই এটি পরিচালিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, মনিরুল হক চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই কুমিল্লা-৬ আসনের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), কুমিল্লা ওয়াসা গঠনের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ প্রকল্প বাজেটে অনুমোদন পাওয়াকে তারা এই অঞ্চলের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
তারা বলেন, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং কুমিল্লাকে একটি স্মার্ট সিটিতে রূপান্তরের লক্ষ্যে এমপি মনিরুল হক চৌধুরী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের এই ধারাকে বাধাগ্রস্ত করতেই একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে তাদের অভিযোগ।
সংবাদ সম্মেলনে বক্তারা বিশেষভাবে স্মরণ করেন গত মে মাসে বাংলাদেশ কাস্টমসের কর্মকর্তা বুলেট বৈরাগীর মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা। চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে ছিনতাইকারীদের হাতে নিহত হওয়ার পর তাঁর শোকাহত পরিবারের পাশে প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে মনিরুল হক চৌধুরী উপস্থিত হন বলে তারা উল্লেখ করেন।
তাদের ভাষ্য অনুযায়ী, নিহত বুলেট বৈরাগীর বাবা-মা, স্ত্রী ও একমাত্র সন্তানের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান তিনি। শুধু আনুষ্ঠানিক সহানুভূতিতেই সীমাবদ্ধ থাকেননি; পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং নিহতের স্ত্রীকে চাকরির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে সংসদে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে বক্তব্য রাখেন এবং বিষয়টি সংশ্লিষ্ট উচ্চপর্যায়েও উত্থাপন করেন বলে বক্তারা দাবি করেন।
বক্তারা বলেন, মানবিক এই কর্মকাণ্ড তখন সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সনাতনী সমাজের বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে সেই মানবিক উদ্যোগকেই এখন বিকৃতভাবে উপস্থাপন করে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে অন্য একটি আলোচিত রাজনৈতিক ইস্যু থেকে জনদৃষ্টি সরিয়ে নিতেই একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মনিরুল হক চৌধুরীকে টার্গেট করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “মিথ্যা কখনো সত্যকে পরাজিত করতে পারে না। একজন মানুষের দীর্ঘদিনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে কয়েকটি সাজানো প্রচারণার মাধ্যমে মুছে ফেলা সম্ভব নয়। আমরা কুমিল্লার সনাতনী সমাজ এসব অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।”
তারা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যাচার ও মানহানিকর প্রচারণার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষকে যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা প্রচার না করারও আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বকসী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি অচিন্ত্য দাশ টিটু, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রতিদিনের বাংলাদেশ কুমিল্লা ব্যুরো প্রধান দীলিপ মজুমদার এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ডা. বনশ্রী সাহা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, মহানগর শাখার আহ্বায়ক কমল চন্দ খোকন, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, মহানগর শাখার সভাপতি অমল দত্ত, সাধারণ সম্পাদক পিংকু চন্দ, সদস্য সচিব সনজিত দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সাহা ও রিংকু ঘোষ, সাংগঠনিক সম্পাদক সুব্রত চৌধুরী তপু, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল চন্দ্র কুন্ডু, জাগো হিন্দু পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি সাগর চন্দ্র দাসসহ সনাতনী সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্রীশ্যামলকৃষ্ণ সাহা।
সংবাদ সম্মেলনের শেষাংশে নেতৃবৃন্দ বলেন, কুমিল্লার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানবিক রাজনীতির ধারাবাহিকতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দৃঢ়ভাবে বিশ্বাস প্রকাশ করেন যে, সত্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড শেষ পর্যন্ত সব ধরনের অপপ্রচারকে পরাজিত করবে এবং জনগণ সবসময় সত্যের পক্ষেই অবস্থান নেবে।