ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ছাবেদুল সরকার
পাবনা প্রতিনিধি
পাবনার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ, বি.নগর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবু তালেবসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিব, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও উম্মে ইমামা বানিন বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে উৎসব পালনের আহ্বান জানান তিনি।
ফরিদপুর থানার ওসি মো. মনজুরুল হাসান মাসুদ বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশি নজরদারি জোরদার থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
মো. জিয়াউর রহমান জিয়া বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে হবে। পূজা চলাকালে কোনো ধরনের গুজব বা উসকানিতে কান না দিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।