ধামইরহাটে মাদকবিরোধী অভিযান, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড
মোঃ মাফুজুর রহমান ধামইরহাট উপজেলা প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে আমাইতাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে আবু হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক আবু হোসেন ধামইরহাট উপজেলার আমাইতাড়া গ্রামের ইসমাইলের ছেলে।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবু হোসেনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এমন অভিযানে এলাকায় মাদকবিরোধী সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয়রা।