সাংগঠনিক সম্পাদকের ইজারা নেওয়া জলমহাল সভাপতির জোরপূর্বক দখল, এরই সূত্র ধরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
মোঃ মাহবুব আলম,
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ওসি, সাংবাদিকসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১১টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ৪০৮ একর আয়তনের বিলমাকশা জলমহালটি গত বছরের ১৩ নভেম্বর আগের ইজারা বাতিলের পর সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫০ লাখ ১৩ হাজার টাকায় ইজারা নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন। ইজারা পাওয়ার পর থেকেই জলমহালটির নিয়ন্ত্রণ নিয়ে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল।
এস এম শাহিনের অভিযোগ, ইজারা নেওয়ার পর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ জোরপূর্বক জলমহালটির নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং তাঁকে সেখানে যেতে বাধা দেন। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে সৈয়দ সাইদ আহমেদ দাবি করেন, প্রশাসন ষড়যন্ত্র করে জলমহালটি অবৈধভাবে ইজারা দিয়েছে। আগের ইজারাদারের কাছ থেকে তাঁরা অর্থের বিনিময়ে জলমহালটি নিয়েছিলেন এবং সেখানে তাঁদের বিনিয়োগ রয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান বলেও জানান তিনি।
এদিকে শুক্রবারের সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আমিনুল ইসলাম জানান, দুপুর ২টা পর্যন্ত ৩০ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং একজনকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।