বিজয়নগরে ২২ মামলার আসামি গ্রেপ্তার, ৬ মামলায় ছিল পরোয়ানা
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৯টি মাদক মামলাসহ মোট ২২টি মামলার আসামি ইকবাল খাঁ (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছয়টি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবাল খাঁ ওই গ্রামের ময়াল খাঁ ওরফে মাওয়াল খাঁ ওরফে মালু খাঁর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ইকবাল খাঁকে গ্রেপ্তার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইকবাল খাঁর বিরুদ্ধে ১৯টি মাদক মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে। ছয়টি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনানুগ প্রক্রিয়া শেষে ইকবাল খাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756