ফরিদপুরে মাদক-সন্ত্রাস নির্মূলে ওসি মাসুদের কঠোর হুঁশিয়ারি।
ছাবেদুল সরকারপাবনা প্রতিনিধি
পাবনার ফরিদপুর উপজেলায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নবাগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ। এসব অপরাধ নির্মূলে তিনি জনগণের সহযোগিতা কামনা করেছেন।
সম্প্রতি ফরিদপুর উপজেলার তুহিন হোল্ডিং ফার্ম আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসি মনজুরুল হাসান মাসুদ এসব কথা বলেন।
তিনি বলেন, “জনগণ যদি আমাকে সহযোগিতা করে, তাহলে এলাকার মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল করতে আমি বদ্ধপরিকর।” মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে মতবিনিময় ও সচেতনতামূলক সভা করা হচ্ছে বলেও জানান তিনি।
ওসি মাসুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এলাকার কোথাও মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে জনগণের পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও জোরদার হলে অপরাধ দমনে কার্যকর ফল পাওয়া সম্ভব। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, ফরিদপুর উপজেলার সচেতন মহলের পক্ষ থেকে নবাগত ওসি মনজুরুল হাসান মাসুদের মাদক ও অপরাধবিরোধী বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে পুলিশের তৎপরতা অব্যাহত থাকলে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে।