নোয়াখালীতে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশ-যুবলীগ সংঘর্ষে ছোড়া ইটে ওসি আহত হওয়ার ঘটনায় মামলা
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী (২৩ জুন) নোয়াখালী সদর উপজেলা যুবলীগের আয়োজনে কেক কাটা কর্মসূচিতে সদর যুবলীগের নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ,, আটককৃত কর্মীকে ছিনিয়ে নিতে পুলিশের সাথে যুবলীগের সংঘর্ষ, ও বিক্ষুব্দ যুবলীগের নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে সুধারাম মডেল থানার ওসি’সহ পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে নোয়াখালীতে। এ ঘটনায় আটককৃত যুবলীগ কর্মী মোঃ নিজাম উদ্দিনসহ ১১ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ১০০/১৫০ জন অজ্ঞাতনামা নেতাকর্মীদের সংখ্যা উল্লেখ করে সুধারাম মডেল থানা পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে।
এ বিষয়ে রাজনীতি বিশ্লেষক সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতি বলেন, বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকায় প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে জেলাজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল জেলা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি।
এরপরেও নোয়াখালী জেলা আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে নোয়াখালী জুড়ে নানান কর্মসূচি পালন করেছে। যা গণমাধ্যমের সাহায্যে দেশব্যাপী ছড়িয়ে পড়ছে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন বলেন, নোয়াখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।’
নোয়াখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে পুলিশের বাঁধা, সংঘর্ষ, আসামি ছিনিয়ে নেওয়া ও পুলিশের উপর যুবলীগ নেতাকর্মীদের ইট নিক্ষেপের একটি সিসিটিভি ভিডিও ফুটেজ ইতোমধ্যে ফেইসবুকে ছড়িয়ে পড়তে দেখা গেছে।