রাঙ্গামাটিতে এনসিপির নবগঠিত জেলা কমিটির প্রেস মিট ও পরিচিতি সভা
সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙ্গামাটি পার্বত্য জেলা নবগঠিত কমিটির প্রেস মিট ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারস্থ হোটেল নাদিশা ইন্টারন্যাশনাল দ্যা রয়েল ডাইনে এ সভা অনুষ্ঠিত হয়। এনসিপি রাঙ্গামাটি জেলা নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক প্রিয় চাকমা।
সভায় রাঙ্গামাটিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়। একই সঙ্গে গত ১১ সেপ্টেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত রাঙ্গামাটি জেলা নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন উপজেলা পর্যায়ের এনসিপি নেতৃবৃন্দের পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় ৩০ থেকে ৩৫ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রকিব হোসেন, সদস্য সচিব মো. শাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সচিব উষামং মারমা, যুগ্ম আহ্বায়ক নিরু কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক শাহেদুল আলম শাকিল ও সহ-সাংগঠনিক সম্পাদক মিলন চাকমা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা নেতৃবৃন্দ জানান, আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে তৃণমূল পর্যায়ের সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করা হবে। সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নেতৃবৃন্দ বলেন, এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা রয়েছে। তফসিল ঘোষণার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী ঘোষণা করা হবে।
আগামী ছয় মাসের সাংগঠনিক রোডম্যাপ প্রসঙ্গে তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির আলোকে রোডম্যাপ প্রণয়ন করা হবে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সকল কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।