জামালপুরের বকশীগঞ্জে লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত
কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড়ে অবস্থিত নৈসর্গিক লাউচাপড়া পর্যটন কেন্দ্রের আধুনিকায়ন ও উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফররুখ আহম্মদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) আবু সেলিম মাহমুদ উল হাসান।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক, সহসভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, সহসভাপতি আকতার হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, সহকারী প্রধান শিক্ষক মেসবাহ উল তুহিন, লাউচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, হোটেল ব্যবসায়ী মোবারক হোসেন, জয় ডাংগো বক্তব্য রাখেন।
কনসালটেন্ট সভায় “বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া পর্যটন উন্নয়ন ” প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া পর্যটন কেন্দ্রটিতে আধুনিকতার ছোঁয়া, ব্যাপক উন্নয়ন সাধন, প্রকল্পের ডিজাইন মাল্টিমিডিয়া মাধ্যমে উপস্থাপন করা হয়।
এসময় উন্মুক্ত আলোচনায় উন্নতমানের শিশু পার্ক, রাইড শেয়ারিং, গারো সম্প্রদায়ের ঐতিহ্য স্থাপন, আধুনিক মানের হোটেল, মোটেল, পর্যটকদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা, লাইব্রেরি স্থাপন, প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী বান্ধব ওয়াচ টাওয়ার নির্মাণ, বকশীগঞ্জ থেকে লাউচাপড়াগামী সড়কটি প্রশস্তকরণ ও উন্নতকরণ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ক্যাম্প স্থাপন, মিনি চিড়িয়াখানা স্থাপনের দাবি জানানো হয়।
লাউচাপড়া পর্যটন কেন্দ্রটির উন্নয়নে প্রকল্পের আওতায় কনসালটেন্ট সভায় সকলের মতামত নেওয়া হয়।
লাউচাপড়া পর্যটন উন্নয়ন প্রকল্পটি হাতে নেওয়ায় সভা থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
কাওছার আহমেদ,
জামালপুর।
১৯.৯.২০২৬