সেবার মানোন্নয়নে লিডার্সের সংলাপে মুখোমুখি সেবাদাতা ও উপকারভোগীরা
আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও এম্বাসি অফ সুইডেন এর সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী (সিআরইএ) প্রকল্পের আওতায় বুধবার ০৬ মে ২০২৬ তারিখে শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে উপকারভোগীদের সংলাপ অনুষ্ঠিত হয় । উক্ত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক রণজিৎ কুমার বর্মণ । শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী ।
সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, প্রানী সম্পদ কর্মকর্তা ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা , ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার, ওসি তদন্ত শ্যামনগর থানা, শিক্ষা কর্মকর্তা, শ্যামনগর প্রেস ক্লাব , শ্যামনগর উপজেলা রিপোর্টাস ইউনিট,সুন্দরবন প্রেস ক্লাব ,উপকূলীয় প্রেস ক্লাব এর সাংবাদিকবৃন্দ , জেন্ডার সমতা ও জলবায়ু জোট সভাপতি ও সিডিও নির্বাহী পরিচালক, ফ্রেন্ডশিপ এর প্রতিনিধি, বুড়ীগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের উপকারভোগী সদস্যরা ।
উপকারভোগী সুদিপ্তা মণ্ডল বলেন, নারী শ্রমিকরা লবণাক্ত পানিতে কাজ করার ফলে যে সকল শারীরিক সমস্যা হয় তার চিকিৎসা কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয় না এবং চিকিৎসা সেবার কোন প্রচারনা হয় না। তিনি কমিউনিটি ক্লিনিকে একজন ডাক্তার এর দাবী করেন ।
উপকারভোগী খোকন চন্দ্র হালদার বলেন, নারী শ্রমিকদের শ্রমের স্থানে কোন স্যানিটেশন এর সুব্যবস্থা না থাকায় নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন । এছাড়া তিনি আরও বলেন বাল্য বিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায় নারী ও শিশু কমিটির প্রয়োজন ।
গাবুরা থেকে আগত জেবুন্নেছা বলেন ,দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্র গুলিতে নারী বান্ধব না হওয়ায় নারীরা অনেক সমস্যার সম্মুখীন হন। তিনি আশ্রয় কেন্দ্র গুলিতে নারী বান্ধব করার দাবী করেন । তারা এসব সমস্যা সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ।
ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ্বাস, ইউনিয়ন পর্যায় নারী ও শিশু কমিটি গঠন করার প্রতিশ্রুতি দেন ।
প্রানী সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস নারীর ক্ষমতায়ন এর ক্ষেত্রে পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ এর কথা বলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন , উপকূলীয় এলাকার মানুষের সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে একযোগে কাজ করতে হবে ।
উক্ত সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা সাহা ।