সিরাজগঞ্জে বহুলী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
জাহিদুল হক সিরাজগঞ্জ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও তালিকা প্রণয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ইউনিয়নের ১নং ওয়ার্ডের খাগা গ্রাম থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ এবং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন শেখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ফেরদৌস আলী, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত উপকারভোগীরা যাতে এ কর্মসূচির আওতায় আসতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে এস এম রেজাউর রহমান ফিরোজ বলেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনি অঙ্গীকার। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ ও অসচ্ছল পরিবারের আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন শেখ বলেন, ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান এবং সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রম সফল করতে দলমত-নির্বিশেষে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।