সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোঃ জাহিদুল হক জাহিদ| ৬ নভেম্বর ২০২৬
ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে কোমলমতি শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ অফিসার্স ক্লাব মাঠে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও শিক্ষক-অভিভাবকরা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়।
জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে শিশুদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগে সবসময় সহযোগিতা করা হবে।